

পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবাসিক হলে শিক্ষার্থীদের সঙ্গে সেহরি করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর রাতে ভাষা শহিদ আব্দুস সালাম হলের ডাইনিং হলে তিনি শিক্ষার্থীদের সঙ্গে বসে সেহরি গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রমজানের প্রথম দিকেই শিক্ষার্থীদের খোঁজখবর নিতে এবং আবাসিক হলের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণে এ অনানুষ্ঠানিক সফরে যান উপাচার্য। সেহরির সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পড়াশোনা, হলের খাবারের মান ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে চান। শিক্ষার্থীদের সঙ্গে একান্ত আলাপচারিতায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। রমজান মাসে যেন সুষ্ঠু ও স্বাস্থ্যসম্মত পরিবেশে তারা সেহরি ও ইফতার করতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ভাষা শহিদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ও সংশ্লিষ্ট হল প্রশাসনের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন। তারা জানান, রমজান উপলক্ষে বিশেষ মেনু নির্ধারণ করা হয়েছে এবং শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। হলের একাধিক শিক্ষার্থী বলেন, উপাচার্যের এমন উপস্থিতি তাদের মাঝে ইতিবাচক বার্তা দিয়েছে। প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তি সরাসরি এসে তাদের সঙ্গে সেহরি করায় তারা আনন্দিত ও উৎসাহিত হয়েছেন। উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, শিক্ষার্থীরা আমার সন্তানের মতো। তারা কি খাচ্ছে তা তদারকি করা আমার দায়িত্ব। তাই আমি নিজেই তাদের সঙ্গে খাবার খেয়েছি। খাবারের মান ভালো ছিল আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকবে। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, একাডেমিক অগ্রগতি এবং মানসিক সুস্থতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি সবাইকে পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ও ইতিবাচক ক্যাম্পাস পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।