

নোয়াখালীর কবিরহাটে নিখোঁজের একদিন পর আজাদ হোসেন (৩৪) নামে এক যুবদল নেতার মরদেহ বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। তার গলায় দড়ি পেঁচানো এবং চোখের ওপর আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘোষবাগ গ্রামের একটি ডোবায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত আজাদ একই গ্রামের হানিফ মিয়ার বাড়ির মৃত ফজল হকের ছেলে। তিনি কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক ছিলেন। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে আজাদ হোসেন বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে শুক্রবার বিকেল প্রায় ৫টার দিকে বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের স্বজনদের অভিযোগ, আজাদের চাচাতো ভাই ফারুক (৪০) ও নিজাম (৩৬) এ ঘটনায় জড়িত থাকতে পারেন। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন বলেও দাবি করেন স্বজনরা। নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল বলেন, যুবদল নেতা আজাদ ব্যবসা করতেন, পাশাপাশি যুবদলের একজন সক্রিয় নেতা ছিলেন। তার মৃত্যুর রহস্য দ্রুত উদঘাটন করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের প্রতি আহ্বান জানাচ্ছি। কবিরহাট থানার ওসি রোমেল বড়ুয়া বলেন, ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তার গলায় দড়ি পেঁচানো ছিল এবং চোখের ওপর আঘাতের চিহ্ন দেখা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীর কবিরহাট উপজেলার সন্দলপুর ইউনিয়নের সোনাপুর-কবিরহাট সড়কে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার ভারী পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দুইজনের পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, সোনাপুর থেকে একটি মালবাহী পিকআপভ্যান সোনাপুর-কবিরহাট সড়ক দিয়ে যাচ্ছিল। রাত ৮টা ১৫ মিনিটের দিকে পিকআপটি ভারী পুকুরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সামনের অংশে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, সুজুকি জিকজার মডেলের মোটরসাইকেলটি পরিবর্তিত (মডিফাই) করা ছিল। নিহত দুই যুবকের বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছরের মধ্যে। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটির গতি ছিল নিয়ন্ত্রণহীন। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ থানায় আনা হয়েছে। নিহতরা হলেন— কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাসেম বেপারী বাড়ির কামাল উদ্দিনের ছেলে তারেক রহমান শিবলু (১৬) এবং ৯ নম্বর ওয়ার্ডের গফুর আলী জমাদার বাড়ির রহমত উল্যার ছেলে জিহাদ হোসেন (১৯)। ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে। আজ শুক্রবার (১৯ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শনিবার (২০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রবিবার (২১ জুন) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোমবার (২২ জুন) রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার (২৩ জুন) ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, পরবর্তী বর্ধিত পাঁচ দিনেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

নোয়াখালীতে ৩ মাসের শিশুকে কোল থেকে নিয়ে হত্যা নোয়াখালীর কবিরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে তিন মাসের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, সংঘর্ষের এক পর্যায়ে মায়ের কোল থেকে শিশুটিকে ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের স্বর্ণকার বাড়িতে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল দুই পক্ষের মধ্যে। এর জের ধরে বাড়িতে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষ চলাকালে এক পর্যায়ে শিশুটিকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে নির্মমভাবে ছুঁড়ে ফেলা হয়। এতে গুরুতর আহত হয়ে শিশুটি মারা যায়। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহত শিশুর মায়ের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বাবার সঙ্গে দোকানে গিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া সাইদুর রহমান ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন তার বাবা শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাইদুর রহমান। নিহত সাইদুর রহমান নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের বড় রামদেবপুর গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে। তিনি নোয়াখালী সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন। তিনি ছাত্রদল কর্মী ছিলেন। জানা যায়, গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় সড়ক দুর্ঘটনায় তার বাবা শফিকুর রহমান নিহত হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর থেকে কবিরহাটগামী একটি তেলবাহী ট্রাক ট্রান্সমিটার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি রাস্তার পাশে একটি দোকানে ঢুকে পড়ে। এতে শফিকুর রহমান ঘটনাস্থলেই নিহত হন এবং সাইদুর রহমান অন্তত তিনজন আহত হন। স্থানীয়রা জানান, শফিকুর রহমান তার দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে দোকানের সামনে আসেন। এ সময় মাইজদী–সোনাপুর সড়ক দিয়ে আসা তেলবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও শফিকুর রহমানকে ধাক্কা দিয়ে দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দুই সন্তানকে প্রথমে মাইজদী হাসপাতালে ভর্তি করা হয়। পরে সাইদুর রহমানের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করা হয়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে কিছু সময় ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাইদুর রহমানের বড় বোন সুমি আক্তার বলেন, ভাই ছয় দিন ধরে লাইফ সাপোর্টে ছিল। আমরা সবাই তার সুস্থতার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তাকে আর ফিরে পেলাম না। এক সড়ক দুর্ঘটনায় আমরা বাবা এবং ভাইকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছি। সাইদুরের বন্ধু ইখতিয়ার হোসেন বলেন, সাইদুর খুব মিশুক ও মানবিক একজন মানুষ ছিল। ছয় দিন হাসপাতালে থাকলেও তার জ্ঞান আর ফেরেনি। চিকিৎসার জন্য সবাই সহযোগিতা করলেও আমরা তাকে বাঁচাতে পারলাম না। আমরা একজন বিশ্বস্ত বন্ধুকে হারালাম। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, গতকাল আমি হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছি। সে জাতীয়তাবাদী আদর্শের কর্মী ছিল। তার চিকিৎসায় বিএনপি ও ছাত্রদল পাশে ছিল। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভুঁইয়া বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার ঘাতক ট্রাকচালককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ছয় মামলার আসামি মিজানুর রহমান রনি ওরফে কানা মিজানকে (৩৫) প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কালিরহাট বাজারসংলগ্ন কাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর নিহতকে ডাকাত আখ্যা দিয়ে ���কদল যুবক বাজারে মিষ্টি বিতরণ করলে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করে। নিহত মিজানুর রহমান কবিরহাট পৌরসভার জৈনদপুর এলাকার মো. শহীদের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিজানুর রহমানের বিরুদ্ধে একটি ডাকাতি, দুটি চুরি, একটি অস্ত্র মামলা ও সরকারি কর্মচারীর ওপর হামলাসহ অন্তত ছয়টি মামলা রয়েছে। ঘটনার দিন সন্ধ্যায় কালিরহাট বাজারে ২ নম্বর ওয়ার্ড বিএনপির একটি নির্বাচনী বৈঠক চলাকালে মিজান সেখানে উপস্থিত হয়ে নিজেকে দলের ত্যাগী কর্মী দাবি করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে তার কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে তাকে ধাওয়া দিলে তিনি সেখান থেকে চলে যান। পরে কালিরহাট বাজারের উত্তরে কাজী বাড়ির সামনে কয়েকজন ব্যক্তি তাকে আটক করে লাঠি ও লোহার পাইপ দিয়ে মুখ ও মাথায় এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ সড়কে ফেলে রাখা হয়। খবর পেয়ে কবিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ সময় ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি লাঠি ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়। নিহতের পকেট থেকে একটি খেলনা পিস্তল ও একটি টিপ ছুরি পাওয়া গেছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন, নিহত মিজানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ ছিল। ঘটনার পর তাকে ডাকাত আখ্যা দিয়ে বাজারে মিষ্টি বিতরণ করা হয়, যা নিয়ে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নিহতের স্বজনরা বলেন, আমরা ছোটবেলা থেকে কষ্ট করে মানুষ হয়েছি। আমাদের আত্মীয় স্বজনরা জানে আমাদের কষ্টের কথা। অথচ মিজানকে এভাবে মেরেছে তা আমরা মানতে পারি না। তার পুরো মুখ থেতলে দিয়েছে। দেশে আইন আছে। যারা হত্যা করেছে তাদের বিচার চাই। হারুনুর রশীদ হারুন নামের স্থানীয় এক বিএনপি নেতা বলেন, আমরা অফিসে বসে নির্বাচনী আলোচনা করছিলাম। এ সময় মিজান এলে কথা কাটাকাটি হয়। পরে সে চলে যায়। এরপর কে বা কারা তাকে হত্যা করে মরদেহ রাস্তায় ফেলে যায়। মিষ্টি খাওয়ানোর বিষয়ে কিছু জানি না। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। নিহতের পরিবার এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২০ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজধানীর সেতুতে অবস্থিত দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে সংস্থাটির ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংস্থার কার্যনির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দসহ সমাজসেবা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি এ.এইচ.এম. বজলুর রহমান। সভায় সভাপতির বক্তব্যে এ.এইচ.এম. বজলুর রহমান বলেন, জ্ঞান ও শিক্ষায় প্রবেশাধিকারে বৈষম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে উপকূল অঞ্চলের মানুষ। তিনি শহর ও উপকূল অঞ্চলের নাগরিক সুবিধার বৈষম্য তুলে ধরে হাতিয়ায় সাবমেরিন কেবল সংযোগের মাধ্যমে সাশ্রয়ী ও টেকসই ইন্টারনেট সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। সভায় চলতি বছরে মৃত্যুবরণকারী ব্যক্তিবর্গের স্মরণে শোক প্রস্তাব উপস্থাপন করেন সংস্থার সাধারণ সম্পাদক জিন্নাত আরা ফেরদৌস মনিকা। বিধি মোতাবেক সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল আলম ২০২৩–২০২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি বলেন, স্বেচ্ছাসেবার ভিত্তিতে গড়ে ওঠা দ্বীপ উন্নয়ন সংস্থা গত পাঁচ দশক ধরে উপকূলবাসীর টেকসই উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে সংস্থাটির সদস্য সংখ্যা ৫০ হাজার এবং তাদের আর্থ-সামাজিক স্থিতিশীল উন্নয়নে চার শতাধিক কর্মী সক্রিয়ভাবে কাজ করছেন। দীর্ঘদিনের কর্মপ্রয়াসের ফলে সংস্থার সদস্যদের অর্থের যথাযথ ব্যবহার ও বহুমুখীকরণে সক্ষমতা তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এ সময় ২০২৩–২০২৪ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন, ২০২৪–২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট, অডিটর নিয়োগসহ বিভিন্ন আর্থিক বিষয় উপস্থাপন করা হয়। কোষাধ্যক্ষের অনুপস্থিতিতে এসব আর্থিক বিষয় উপস্থাপন করেন সংস্থার অর্থ সমন্বয়কারী রাজিব বড়ুয়া। সভা শেষে সভাপতি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ঘর থেকে বেরিয়ে নিখোঁজ এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক একসময় মাদক কারবারে জড়িত থাকলেও সম্প্রতি সে পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিল বলে জানিয়েছে পরিবার। শনিবার (২০ ডিসেম্বর) সকালে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নলুয়া গ্রামের আলাউদ্দিনের বসতঘরের পেছনে একটি কড়ই গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত যুবকের নাম বেলায়েত হোসেন ওরফে মুন্সী (৩৫)। তিনি একই উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রফিক মিয়ার বাড়ির বাসিন্দা এবং মো. জামাল উদ্দিনের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মুন্সী নিজ বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। শনিবার সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। পরিবার দাবি করেছে, মুন্সীকে এক স্থানে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং পরে অন্য স্থানে নিয়ে নারীদের ব্যবহৃত ম্যাক্সি ও ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে মরদেহ ঝুলিয়ে রাখা হয়। এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভূঁঞা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাদের কারাগারে প্রেরণের আদেশ দেয়। এর আগে, সোমবার সকাল থেকে মঙ্গলবার রাত পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতাররা হলেন, সেনবাগের কাদরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন টিটু (৫৫), নোয়াখালী পৌরসভা যুবলীগের সক্রিয় সদস্য মিজানুর রহমান (৩৫), সুবর্ণচরের চর আমানউল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজির উল্লাহ ওরফে নাসির (৫০), চরজুবলী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের যুবলীগের সক্রিয় কর্মি মো.হাবিবুল্লাহ মাসুদ (৩৭), কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি নজরুল ইমলাম (৪৫) ও রামপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আলী মাষ্টার (৪০), কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন (৩৯), সুন্দলপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম (২৮), হাতিয়া পৌরসভা ৮নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন (৪৮) সোনাইমুড়ী পূর্বপড়ার যুবলীগের কর্মি মো.মানিক (৩০), মো.মাহফুজ (৩৩) ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ২জন সমর্থক। এদের মধ্যে মঙ্গলবার রাতে মাইজদী পুরাতন কলেজ এলাকা থেকে ১ জন, বেগমগঞ্জে ২ জন গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সোমবার দিবাগত রাতে কবিরহাট থেকে ২ জন, চরজব্বর থেকে ২জন, হাতিয়া থেকে ১জন, সোনাইমুড়ী থেকে ২জন ও সেনবাগ থেকে ১জন, কোম্পানীগঞ্জ থেকে ২জনকে গ্রেপ্তার করা হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, মঙ্গলবার রাতে ২জনকে থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আওয়ামী লীগের সক্রিয় সমর্থক।
.jpg&w=3840&q=75)
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে নোয়াখালীর কবিরহাটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কবিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার পূদম পুষ্প চাকমা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, যা কখনো ভুলে যাওয়া যাবে না। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধারা, স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

নোয়াখালীর বেগমগঞ্জে একাধিক মামলার আসামি ফখরুল ইসলাম মন্জু ওরফে বলি (৩৭) হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এলাকাবাসী ও স্বজনেরা এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তারা এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, গত সোমবার ৮ ডিসেম্বর সকাল সাড়ে ৭টার দিকে বোনের বাড়ি থেকে অসুস্থ ভাগনিকে দেখে বাড়ি ফিরছিলেন। ওই সময় উপজেলার হাজীপুর ইউনিয়নের মান্দার বাড়ির দরজায় পূর্ব শক্রতার জেরে মন্জুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে। কিন্ত পুলিশ ঘটনার সাত দিনেও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারেনি। আসামিদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের বাবা বদিউজ্জামান, বোন রেহানা আক্তার রুম্পা ও স্থানীয় বাসিন্দা মো.হাসান, মো.আনোয়ার, মোসাম্মৎ বিউটি, মোসাম্মৎ নিলুফার ইয়াসমিন প্রমূখ। যোগাযোগ করা হলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে,জড়িতদের গ্রেপ্তার হবে।

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে উঠা হলো না ব্রাজিলের। শ্বাসরুদ্ধকর নাটকীয় ম্যাচে পর্তুগালের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজে সেলেসাওদের। টাইব্রেকারে পর্তুগাল ৬-৫ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করে। অন্যদিকে, সেমিফাইনাল থেকে বিদায় ব্রাজিলের। সোমবার (২৪ নভেম্বর) রাতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-পর্তুগাল। ব্রাজিল চেয়েছিল পঞ্চমবারের মতো শিরোপা স্পর্শ করার পথে এগিয়ে যেতে। কিন্তু ভাগ্য তাদের পক্ষে কথা বলেনি। ম্যাচের শুরু থেকেই গোলের খোঁজে দুই দল আক্রমণাত্নক ফুটবল খেলে। প্রথমার্ধে পর্তুগাল ছয়টি এবং ব্রাজিল আটটি শট নেয়। কিন্তু কোনো দলই জাল খুঁজে পায়নি। বিরতির পরও একাধিক সুযোগ আসে। তবে গোলের দেখা মিলেনি। পুরো ৯০ মিনিট শেষে রেফারি খেলা পেনাল্টিতে নেওয়ার ঘোষণা দেন। টাইব্রেকারে প্রথম পাঁচ শটে দুই দলই দুর্দান্ত নির্ভুলতা দেখায়। এরপর খেলা গড়ায় ‘সাডেন ডেথ’-এ। এই পর্বে, পর্তুগালের হয়ে শট নিতে আসা হোসে নেতো কোনো ভুল না করে বল জালে জড়িয়ে দেন।

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, আরও ঘনীভূত হওয়ার আভাস দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল সোমবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এবং সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া আগামী পাঁচদিনের মধ্যে সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হওয়ার এক সপ্তাহ পর মারা গেছেন ছাত্রদল নেতা মোহাম্মদ এনাম। শনিবার (২২ নভেম্বর) সকাল ৭টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মোহাম্মদ এনাম কবিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের স্থানীয় ছাত্রদলের ওয়ার্ড শাখার সভাপতি ছিলেন। তিনি একই এলাকার বলি মিয়ার বাড়ি তনু মিয়া ওরফে কালাম মিয়ার ছেলে। মোহাম্মদ এনাম মার্কেটের দোকানের থাই গ্লাসের কাজ করতে গিয়ে প্রায় সাত দিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হন। তারপর তাকে জাতীয় বার্ন ইনিস্টিউটে ভর্তি করানো হয়। চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টার পরও এক সপ্তাহ পর তিনি মারা গেলেন। কবিরহাট পৌরসভা ছাত্রদলের সভাপতি মো. মামুন বলেন, এনামের মৃত্যু আমাদের হৃদয় ভেঙে দিয়েছে। তার হাসিমাখা মুখ ভুলে থাকা কঠিন। মহান আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু বলেন, এনামের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। তার মরদেহ বাড়িতে আনতে সময় লাগছে, এরপর নিজ বাড়িতে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে। সে যেখানে থাই গ্লাসের কাজ করতো সেই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষও পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। দুঃসময়েও ছাত্রদলের দায়িত্ব পালন করে এনাম সবসময় সাহসী ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে সবাই একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারাল।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, তীব্র ঝাঁকুনি ভূমিকম্পের পর আতঙ্কিত হয়ে মানুষজন রাস্তায় নেমে আসে, বেশ কিছু ভবনে ফাটলের খবরও পাওয়া যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে জানিয়েছে বাংলাদেশ আবহওয়া অধিদপ্তর। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ড থেকে কম্পন শুরু হয়। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকায় সকাল শুরু ১৯ ডিগ্রি তাপমাত্রায়, দিনভর থাকবে শুষ্ক আবহাওয়া তিনি বলেন, আজ সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করছি, আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করুন। আফটার শকের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ফারজানা সুলতানা বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী— এই ধরনের ভূমিকম্পের পর ছোটখাটো আফটার শকের সম্ভাবনা থাকতেই পারে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখন পর্যন্ত তেমন সম্ভাবনা আমরা দেখতে পাইনি। এর আগে, চলতি বছরের ৫ মার্চ রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল৷ রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এ ছাড়া ২৮ মে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ২৪ মিনিটে ভারতের মণিপুর রাজ্যের মোইরাং শহরের কাছাকাছি আরেকটি ভূমিকম্প আঘাত হানে। সে সময় দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলায় হালকা কম্পন অনুভূত হয়েছিল।

গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপে পাকিস্তানকে পরপর তিনবার হারিয়ে হ্যাটট্রিক করেছিল ভারত। এবার দোহায় রাইজিং স্টার এশিয়া কাপে প্রতিশোধ নিলো পাকিস্তানের যুবারা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি লড়াইয়ে হেরে গেল ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ১৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত ‘এ’ দল। জবাব মাজ সাদাকাতের ব্যাটিংয়ে ৮ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান শাহিন্স বা ‘এ’ দল (asia cup india vs pakistan cricket match)। কাতারের দোহায় টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল ভারত। উবেদ শাহের প্রথম বলেই চার মেরে শুরুটা ভালো করেছিলেন বৈভব সূর্যবংশী। পরের ওভারে শাহিদ আজিজকে একটি চার এবং একটি ছয় মারেন। ভালো শুরু পেয়ে যায় ভারত। এরপরই শুরু হয় উইকেট হারানোর পালা। চতুর্থ ওভারে শহিদ তুলে নেন ওপেনার প্রিয়াংশ আর্যকে (১০)। প্রথম ম্যাচে বৈভব যেমন খেলেছিলেন, তার ধারেকাছেও যেতে পারলেন না এদিন। বরং কিছুটা ধীরগতিতেই খেলছিলেন। এদিনের পিচও ছিল মন্থর গতির। বল পড়ে ব্যাটে ভালোভাবে আসছিল না। ফলে বড় শট খেলা কঠিন হয়ে যাচ্ছিল। তবু বৈভব চেষ্টা করছিল বড় শট খেলার। সুফিয়ান মুকিম দশম ওভারে তুলে নেন ভারতের ওপেনারকে। মুকিম খেলেছিলেন এশিয়া কাপেও। তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভারতকে বড় ধাক্কা দেয় পাকিস্তান। পাঁচটি চার এবং তিনটি ছয়ের সাহায্যে ২৮ বলে ৪৫ করে সাজঘরে ফেরেন বৈভব। বৈভবের আগেই আউট হয়ে যান নমন ধীরও। তিনি ছ’টি চার এবং একটি ছয়ের সাহায্যে ২০ বলে ৩৫ রান করেন। বৈভব ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ইনিংস। একের পর এক উইকেট হারাতে থাকে তারা। পরের দিকে নেমে হর্ষ দুবে (১৯) কিছুটা চেষ্টা করলেও ভারত বড় রান করতে পারেনি। ১৯ ওভারের মধ্যে ১৩৬ রানে অলআউট হয়ে যায় ভারতের যুবারা। এই রান পাকিস্তানের জন্য তোলা কঠিন ছিল না। তা ছাড়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করা আরও সহজ হয়ে যায়। দ্বিতীয় ওভারেই ১৪ রান দেন যশ ঠাকুর। পঞ্চম ওভারে গুরজপনীত সিংহ ১৮ রান দেন। পাকিস্তানের বোলাররা যেখানে নিয়ন্ত্রিত বল করছিলেন, সেখানে ভারতের বোলারদের লাইন-লেংথের কোনো ঠিক ছিল না। পাকিস্তানের অর্ধশতরানকারী ব্যাটার মাজ সাদাকাতের ক্যাচ দু’বার পড়েছে। এক বার ০ রানে, এক বার ৫৩ রানে। শেষ ক্যাচটি খুবই সহজ ছিল, যা ফেলে দেয় বৈভব। তবে দশম ওভারে যে বিতর্ক হয়েছে তা ছাপিয়ে গিয়েছে বাকি সব কিছুকেই। সেই সাদাকাতই ম্যাচ জিতিয়ে দেন। সাতটি চার এবং চারটি ছয়ের সাহায্যে ৪৭ বলে ৭৯ রানে অপরাজিত থাকেন তিনি। ভারতের হয়ে একটি করে উইকেট যশ এবং সুযশের।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না; এ সংক্রান্ত যা ছড়িয়েছে সেটা গুজব, এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। আওয়ামী লীগের কর্মসূচিতে সরকার শঙ্কিত কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, তারা লকডাউন বা শাটডাউনের যে কর্মসূচি রেখেছে সেই বিষয়ে সরকার শঙ্কিত নয়।

কবিরহাট প্রতিনিধি নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশা আরোহী ৬জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার কবিরহাট টু বসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, সিএনজি চালক খোকন (৪৬) সিএনজি আরোহী শিক্ষার্থী তানিম হাসান (২৬), মো.সুমন (৩৩) ও শাহাদাত হোসেন (৩৬)। তবে তাৎক্ষণিক এক নারীসহ দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে জেলা শহর মাইজদী থেকে ৫জন যাত্রী নিয়ে বসুরহাটের উদ্দেশ্যে একটি যাত্রীবাহী সিএনজি রওয়ানা দেয়। যাত্রা পথে সিএনজিটি উপজেলার কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কবিরহাট টু বসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনে পৌঁছলে সিএনজির সামনের এক্সেল ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টো পাশে চলে যায়। ওই সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক যাত্রীবাহী সিএনজিকে চাপা দিয়ে অনেক দূর নিয়ে যায়। এতে সিএনজি চালকসহ ৪জন যাত্রী ঘটনাস্থলে মারা যায়। ২জনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসছে। এ দুর্ঘটনায় মোট ৬জনের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম গতকাল ১ নভেম্বর (শনিবার) রাতে সংগঠনের ‘আমির’ নির্বাচনের ফল ঘোষণা করেন। দলটির প্রচার ও মিডিয়া বিভাগ সূত্রে জানা গেছে, ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের (সদস্য) রুকনদের নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। আরও পড়ুন বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে : মির্জা ফখরুল রাজনৈতিক পরিস্থিতিতে হঠাৎ সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত বিজ্ঞাপন ডা. শফিকুর রহমান ১৯৫৮ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৪ সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭৬ সালে সিলেট এম সি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ১৯৮৩ সালে সিলেট মেডিকেল কলেজ (বর্তমান এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ) থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবার পাশাপাশি রাজনীতিতে আত্মনিয়োগ করেন। শফিকুর রহমান জাসদ ছাত্রলীগের মাধ্যমে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন। ১৯৭৩ সালে জাসদ ছাত্রলীগে যোগদান করেন। ১৯৭৭ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগদান করেন। পরবর্তি সময়ে এই সংগঠনের সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে জামায়াতে ইসলামীতে যোগদানের মাধ্যমে তিনি বৃহত্তর রাজনীতিতে পদার্পন করেন। এরপর সিলেট শহর, জেলা ও মহানগরী আমির হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে জামায়াতের সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হয়ে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ১২ নভেম্বর জামায়াতে ইসলামীর রুকনদের (সদস্য) প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমির নির্বাচিত হন

নোয়াখালীর কবিরহাট উপজেলায় রাতের আঁধারে এক কৃষকের কয়েক শতক জমির ক্ষেতের প্রায় ৫০০টি লাউ, করলা ও কুমড়ার গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ অক্টোবর) ফতেহপুর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক শফিকুল ইসলাম এটি দেখে ভেঙে পড়েন। শফিকুল স্থানীয় যুবলীগের সাধারণ কর্মী এবং হুমায়ুন কবিরের ছেলে। শফিকুল জানান, তিন মাস আগে তিনি বাড়ির পাশে কয়েক শতক জমিতে আগাম সবজি চাষ করেন। নিয়মিত পরিচর্যার ফলে ভালো ফলন হয়েছিল। শুক্রবার সকালে যখন জমিতে যান দেখেন সব গাছ পুরোপুরি কাটা পড়ে আছে। এতে তার দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। স্থানীয় বাসিন্দা মো. বাবলু বলেন, এভাবে ৫০০-এর অধিক গাছ নিধন করা নিছক অপরাধ নয় — এটা চরম নোংরামি ও অমানবিকতা। একজন মানুষের স্বপ্ন ও ভবিষ্যতের ওপর আঘাত করা হয়েছে। এ ধরনের কাজের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কৃষক শফিকুল আরও বলেন, তার কারো সঙ্গে প্রকাশ্য শত্রুতা নেই। পূর্বে আমার মাছ ও মহিষ নিয়ে গেছে। মাছের গাড়ি নিয়ে গেছে। আমি কারো বিরুদ্ধে অভিযোগ করি নাই। আমি কখনো কারো ক্ষতি করি নাই। আমি তেমন রাজনীতিও করি না। কেবল সাধারণ কর্মী। তাও কেনো বারবার আমার ও আমার সন্তানদের রিজিক নষ্ট করা হচ্ছে। আমি প্রশাসনের কাছে দ্রুত বিচার ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। এ ঘটনায় স্থানীয় জামায়াত নেতা সাইফুল ইসলাম হুজুর বলেন, রিজিকের ওপর এমন হাত দিলে আল্লাহ নারাজ হন। আমরা কারো ক্ষতি চাই না, কেউ ইচ্ছাকৃতভাবে এমন করেছে। তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, বিষয়টি আমি জেনেছি কিন্তু কোনো অভিযোগ পাইনি। যদি ভুক্তভোগী অভিযোগ দায়ের করে তাহলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধনী ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এ সময় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরে বিকালে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। আরপিওর সংশোধনীতে ‘না ভোট’-এর বিধান ফিরিয়ে আনার কথা জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘না ভোট’-এর একটা বিধান করা হয়েছে। যেই নির্বাচনে একজন প্রার্থী থাকবে... আপনাদের ২০১৪ সালের ভুয়া নির্বাচনের কথা নিশ্চয়ই মনে আছে। ১৫৩ বা ১৫৪টি আসনে একজন প্রার্থী ছিল, সাজানো নির্বাচন ছিল। এই ধরনের নির্বাচন যেন আর না হয়। একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছেন, তারা ‘না ভোট’ দিতে পারবেন, যে এই প্রার্থী তাদের পছন্দ না। তখন সেখানে আবার নির্বাচন হবে। আসিফ নজরুল আরও জানান, সংশোধিত আরপিওতে ইভিএম সম্পর্কিত যেসব বিধান ছিল, সেগুলো বিলুপ্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিভিন্ন মামলায় পলাতক ব্যক্তিরা নির্বাচন করতে পারবে না, সংশোধিত আরপিওতে সেটি অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচনে প্রার্থীদের তাদের দেশি ও বিদেশি সব আয় ও সম্পত্তির বিস্তারিত বিবরণ নির্বাচন কমিশনকে দিতে হবে। নির্বাচন কমিশন তা ওয়েবসাইটে প্রকাশ করবে এবং তা সবার জন্য উন্মুক্ত থাকবে। নির্বাচনে প্রার্থীদের জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। জোটবদ্ধ নির্বাচন করলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। ভোটাররা যাতে পরিষ্কার ধারণা পান, প্রার্থী কোন দলের, এ জন্য এই বিধান করা হয়েছে। তিনি বলেন, প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। একইভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসারসহ নির্বাচনী কাজে সম্পৃক্তদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। সংশোধিত আরপিওতে ভোট গণনার স্থানে মিডিয়া থাকতে পারবে, এমন বিধান রাখা হয়েছে। রাজনৈতিক দলকে চাঁদা বা অনুদান হিসেবে ৫০ হাজার টাকা বা তার বেশি টাকা দিলে তা ব্যাংকিং চ্যানেলে দেওয়ার বিধান করা হয়েছে। যিনি চাঁদা দেবেন, তার ট্যাক্স রিটার্নও জমা দিতে হবে। আগে ভোটকেন্দ্রে গন্ডগোল হলে নির্বাচন কমিশন সেই কেন্দ্রের ফলাফল বাতিল করতে পারত, সেই বিধান ছিল। এখন অনিয়মের কারণে নির্বাচন কমিশন চাইলে পুরো নির্বাচনী এলাকার ভোটই বাতিল করতে পারবে, সেই বিধান করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

নোয়াখালীর সকল কনটেন্ট ক্রিয়েটর এবং বিভাগ দাবি নিয়ে অনলাইনে সোচ্চার সকলের উদ্দেশ্যে বিশেষ বার্তা নোয়াখালী বিভাগ আন্দোলনে যারা অনলাইনে কনটেন্ট তৈরি করছেন, পোস্ট দিচ্ছেন এবং গণদাবি তুলছেন, আমরা Noakhali Cyber Warrior's - NCW লক্ষ্য করেছি, কুমিল্লার কিছু অসাধু ব্যক্তি বিনা কারণে একাউন্ট ডিজেবল করা, পেজে স্ট্রাইক দেওয়া কিংবা বিভিন্নভাবে সমস্যা তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে। যদি কারো একাউন্ট, পেজ বা কনটেন্ট নিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন নির্দ্বিধায় আমাদের জানাবেন। আমরা সম্পূর্ণ ফ্রি সাইবার সাপোর্ট দিয়ে পাশে থাকব, এটাই আমাদের অঙ্গীকার। তবে একটি বিষয় স্পষ্টভাবে বলছি নোয়াখালী বিভাগ দাবি করার সময় কোনো জেলার মানুষকে ব্যঙ্গ করা, কাউকে হেয় করা, বিশেষ করে কোনো নারী বা ব্যক্তিকে টার্গেট করে বিদ্বেষমূলক কন্টেন্ট তৈরি করা কঠোরভাবে পরিহার করুন। আপনার কনটেন্ট হোক নোয়াখালীর ইতিহাস, গৌরব, ভাষা, সংস্কৃতি ও সম্ভাবনাকে সারা দেশে তুলে ধরার হাতিয়ার। গর্বের সাথে দাবি তুলুন কিন্তু সম্মান বজায় রেখে। — নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স