

নোয়াখালীর সেনবাগের সেবারহাট বাজারের ফলের আড়ৎ থেকে প্রায় ৯হাজার ইয়াবাসহ আটক। সেনবাগ থানাধীন ফেনী টু নোয়াখালী মহাসড়কস্হ সেবারহাট পূর্ব বাজার নাছির উদ্দিনের ফলের আড়তের সামনে মহাসড়কের উপর *আসামীর নাম ও ঠিকানা:* ১) মো: আমির হোসেন (৪২), পিতা: মৃত. জাহাঙ্গীর কবির, ঠিকানা: উত্তর গনিপুর (ছাদু মিয়ার বাড়ি), পো: রাজাপুর, থানা: দাগনভূঁঞা, জেলা: ফেনী ২) মো: হারুন ভূঁঞা (৪০), পিতা: মো: রফিক, সাং- জয়নারায়নপুর (দপাদার বাড়ি), পো: রাজাপুর, থানা: দাগনভূঁঞা, জেলা: ফেনী *আলামত:* ১) কমলা বর্ণের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট ৮,৮৪০ (আট হাজার আটশত চল্লিশ) পিচ, যার ওজন ৮৫০ গ্রাম, ০২) চাবিসহ ঢাকা মেট্রো- গ-২৬-৬০৫৬ নং টয়োটা কালো প্রাইভেট কার ০১ (এক)টি, ০৩) মাদক ব্যবসায় ব্যবহৃত নগদ অর্থ ৬৭,৯০০/- (সাতষট্টি হাজার নয়শত) টাকা, ০৪) মাদক ব্যবসায় ব্যবহৃত তিনটি স্মার্ট ফোন ও একটি বাটন মোবাইল।

নোয়াখালীর ৬টি সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। অভিজ্ঞ নেতা থেকে নতুন মুখ, দলীয় প্রভাব থেকে ব্যক্তিগত জনপ্রিয়তা সব মিলিয়ে প্রতিটি আসনে ভোটের সমীকরণ জটিল ও বৈচিত্র্যময়। নোয়াখালী-১ থেকে নোয়াখালী-৬ পর্যন্ত প্রতিটি এলাকায় বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, ১১ দলীয় নির্বাচনী ঐক্য ও স্বতন্ত্র প্রার্থীরা মাঠে কৌশলগত প্রচারণা চালাচ্ছেন। নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ী আংশিক) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে ভোটের সমীকরণ। যাচাই-বাছাই শেষে একজন স্বতন্ত্র প্রার্থী বাদ পড়ায় চূড়ান্তভাবে সাতজন প্রার্থী নির্বাচনী মাঠে থাকলেও অভিজ্ঞতা, সাংগঠনিক শক্তি ও ভোটব্যাংকের বিচারে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তবে বিকল্প শক্তি হিসেবে ভোটারদের নজর কাড়তে শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা মো. ছাইফ উল্লাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জহিরুল ইসলাম। চাটখিল উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং সোনাইমুড়ী উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত নোয়াখালী-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫২ হাজার ৪২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৩ হাজার ৭১১ জন এবং নারী ভোটার ২ লাখ ১৮ হাজার ৭১৪ জন। মোট ১৪১ টা ভোট কেন্দ্রের মধ্যে একটিও নেই অস্থায়ী কেন্দ্র। তবে আছে ৮৮৯ টি ভোট কক্ষের মধ্যে ৩১ টি অস্থায়ী ভোট কক্ষ। বড় ভোটারভিত্তির এই আসনে প্রতিটি দলই নিজেদের অবস্থান শক্ত করতে মাঠপর্যায়ে তৎপরতা বাড়িয়েছে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী সাত প্রার্থী হলেন— ধানের শীষ প্রতীকে বিএনপির এ এম মাহবুব উদ্দিন খোকন, দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর মো. ছাইফ উল্যাহ, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের জহিরুল ইসলাম, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মো. নুরুল আমিন, ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের মো. মনিনুল ইসলাম, আপেল প্রতীকে ইনসানিয়াত বাংলাদেশের মো. মশিউর রহমান এবং তারা প্রতীকে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী রেহানা বেগম। বাংলাদেশ নির্বাচন কমিশনে দাখিল করা প্রার্থীদের হলফনামা পর্যালোচনায় দেখা যায়, বিএনপি প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ছাড়া অন্য সব প্রার্থী এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। খোকন নবম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নিলেও তিনি জয়লাভ করতে পারেননি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে তার রাজনৈতিক পরিচিতি ও দীর্ঘ অভিজ্ঞতা তাকে ভোটের মাঠে বাড়তি সুবিধা দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে, বিএনপির শক্তিশালী সাংগঠনিক কাঠামো, অতীত নির্বাচনের অভিজ্ঞতা এবং প্রার্থীর ব্যক্তিগত রাজনৈতিক গ্রহণযোগ্যতা মিলিয়ে এই আসনে দলটি আপাতত এগিয়ে রয়েছে। তবে ভোটারদের একটি অংশ বিকল্প নেতৃত্বের সন্ধানে থাকায় ধর্মভিত্তিক দলগুলোর প্রার্থীরাও আলোচনায় উঠে আসছেন। জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো. ছাইফ উল্লাহ পেশায় শিক্ষক। দীর্ঘদিন ধরে তিনি এলাকার সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। ব্যক্তিগত সততা, সহজ-সরল জীবনযাপন এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কারণে তার প্রতি এক ধরনের আস্থার পরিবেশ তৈরি হয়েছে বলে স্থানীয়রা দাবি করছেন। নীরব সমর্থনও বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জহিরুল ইসলাম ভিন্ন পরিচয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন। তিনি পূর্বে যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক ছিলেন এবং নির্বাচনে অংশ নিতে গত বছরের ১২ ডিসেম্বর যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেন। ৪৪ বছর বয়সী এই প্রার্থী স্নাতকোত্তর ডিগ্রিধারী। প্রবাসে রেমিট্যান্স পাঠানোর স্বীকৃতিস্বরূপ তিনি গত বছর বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবেও মনোনীত হন। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় তরুণ ও সচেতন ভোটারদের একটি অংশ তার প্রতি আগ্রহ দেখাচ্ছেন। জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো. ছাইফ উল্লাহ বলেন, আমি দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের সঙ্গে আছি। শিক্ষকতা ও সামাজিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের সুখ–দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে কাজ করব। এলাকার শিক্ষা, নৈতিকতা ও সামাজিক উন্নয়নই হবে আমার প্রধান অগ্রাধিকার। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জহিরুল ইসলাম বলেন, দেশ ও মানুষের জন্য কাজ করার তাগিদ থেকেই আমি প্রবাসের জীবন ছেড়ে নির্বাচনে এসেছি। রাজনীতিকে আমি সেবা হিসেবে দেখি। জনগণ যদি আমাকে সুযোগ দেন, তাহলে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানবিক মূল্যবোধের ভিত্তিতে উন্নয়ন নিশ্চিত করতে চাই। তরুণ সমাজের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব। বিএনপি প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, এই আসনের মানুষ আমাকে আগেও সংসদে পাঠিয়েছেন। তাদের সুখ–দুঃখ, সমস্যা ও সম্ভাবনা আমি ভালোভাবে জানি। আমার অভিজ্ঞতা ও রাজনৈতিক অবস্থান কাজে লাগিয়ে নোয়াখালী-১ আসনের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বড় হামলা চালানোর পরিকল্পনা করছেন। ইরানের সঙ্গে তাদের পরমাণু কার্যক্রম এবং মিসাইল উৎপাদন নিয়ে আলোচনা করেছিল মার্কিনিরা। কিন্তু প্রাথমিক আলোচনা ব্যর্থ হওয়ায় এখন দেশটিতে হামলার চিন্তাভাবনা করছেন ট্রাম্প। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি ইরানকে চুক্তি করার আহ্বান জানান। ট্রাম্প হুমকির সুরে বলেন, ইরান কোনো ধরনের পারমাণবিক কার্যক্রম চালাতে পারবে না। তিনি জানান ইরানের দিকে তাদের যুদ্ধজাহাজের বিশাল নৌবহর যাচ্ছে এবং সময় শেষ হয়ে যাচ্ছে। এর আগেই চুক্তি করতে হবে। নয়ত গত বছরের জুনে পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে যে হামলা চালানো হয়েছিল এবার এরচেয়ে বড় হামলা চালানো হবে। গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। ওই সময় থেকেই বিক্ষোভকারীদের সহায়তার অজুহাতে ট্রাম্প ইরানে হামলার হুমকি দিয়ে আসছিলেন। সূত্র: সিএনএন

নোয়াখালী চাটখিলে ২ রাউন্ড তাজা গুলিসহ যুবদল কর্মী নাঈম ইসলাম( বিচি নাঈম) (৩২) কে ২৬ জানুয়ারি রাতে সেনাবাহিনী তার বাড়ি থেকে আটক করেছে। রাতেই নাঈম ইসলামকে সেনাবাহিনী চাটখিল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। আটককৃত নাঈম চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে তার বিরুদ্ধে চাটখিল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে প্রেরণ করা হয়।

কিশোর ব্যবহারকারীদের জন্য এআই চরিত্র ব্যবহারের সুবিধা সাময়িকভাবে বন্ধ করছে মেটা। ফেসবুক, ইনস্টাগ্রামসহ সব অ্যাপে এই সিদ্ধান্ত কার্যকর হবে। কিশোরদের জন্য নতুন ও নিরাপদ অভিজ্ঞতা তৈরি না হওয়া পর্যন্ত এই সুবিধা বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস জানিয়েছে, বিশ্বজুড়ে কিশোরদের জন্য তাদের বিদ্যমান এআই চরিত্রগুলোর ব্যবহার স্থগিত করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। মেটার সব অ্যাপেই এটি প্রযোজ্য হবে। মেটা এক ব্লগ পোস্টে জানিয়েছে, কিশোরদের জন্য আলাদা ও হালনাগাদ এআই অভিজ্ঞতা তৈরির কাজ চলছে। সেই নতুন সংস্করণ প্রস্তুত না হওয়া পর্যন্ত কিশোর ব্যবহারকারীরা এআই চরিত্রে প্রবেশ করতে পারবে না। প্রতিষ্ঠানটির ভাষায়, শিশু ও কিশোরদের সুরক্ষা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল কারণ। নতুন এআই চরিত্রগুলো চালু হলে সেখানে অভিভাবক নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকবে। অর্থাৎ অভিভাবকেরা চাইলে সন্তানের এআই ব্যবহারে সীমা নির্ধারণ করতে পারবেন। তবে এই নতুন সংস্করণ ঠিক কবে চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানায়নি মেটা। গত অক্টোবর মাসে মেটা প্রথমবারের মতো অভিভাবক নিয়ন্ত্রণের কিছু ফিচারের ঝলক দেখিয়েছিল। এর মধ্যে ছিল কিশোরদের এআই চরিত্রের সঙ্গে ব্যক্তিগত চ্যাট বন্ধ করে দেওয়ার সুযোগ। সেই উদ্যোগ আসে মেটার ‘ফ্লার্টি’ বা অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ চ্যাটবট আচরণ নিয়ে সমালোচনার মুখে পড়ার পর। তবে শুক্রবার মেটা জানিয়েছে, ওই অভিভাবক নিয়ন্ত্রণ ফিচারগুলো এখনও আনুষ্ঠানিকভাবে চালু হয়নি। মেটা আগে জানিয়েছিল, কিশোরদের জন্য তাদের এআই অভিজ্ঞতা তৈরি হবে পিজি–১৩ চলচ্চিত্র রেটিং অনুসরণ করে। অর্থাৎ যেসব বিষয় ১৩ বছরের কম বয়সীদের জন্য অনুপযুক্ত সেগুলো এড়িয়ে চলা হবে। এর মাধ্যমে কিশোরদের অনুপযুক্ত বা সংবেদনশীল কনটেন্ট থেকে দূরে রাখার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নিয়ন্ত্রক সংস্থার নজরদারি বেড়েছে। বিশেষ করে চ্যাটবটের সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন নীতিনির্ধারকেরা। গত আগস্টে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মেটার কিছু এআই নীতিমালার কারণে কিশোরদের সঙ্গে উসকানিমূলক বা অনুপযুক্ত কথোপকথনের সুযোগ তৈরি হয়েছিল। এরপর থেকেই মেটার এআই সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা আরও জোরালো হয়। বিশ্লেষকদের মতে, কিশোরদের জন্য এআই চরিত্র ব্যবহারে বিরতি দেওয়া মেটার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে একদিকে যেমন নিরাপত্তা ঝুঁকি কমবে, অন্যদিকে নিয়ন্ত্রক সংস্থা ও অভিভাবকদের উদ্বেগ প্রশমিত হতে পারে। তবে দীর্ঘমেয়াদে কিশোরদের জন্য এআই অভিজ্ঞতা কীভাবে তৈরি করা হবে এবং সেই অভিজ্ঞতা কতটা নিরাপদ হবে— সেদিকেই এখন সবার নজর। মেটার এই সিদ্ধান্ত দেখায়, সামাজিক যোগাযোগমাধ্যমে এআই ব্যবহারের ক্ষেত্রে শিশু ও কিশোরদের সুরক্ষা এখন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য বড় অগ্রাধিকার হয়ে উঠছে। ভবিষ্যতে এআইভিত্তিক ফিচার চালুর আগে নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার হতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে (৩ জানুয়ারী) শনিবার দুপুরে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা অফিসার আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক সেবাগ্রহীতারা অংশগ্রহণ করে। প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজ সেবা। সভায় বক্তব্য রাখেন-চাটখিল থানার (ওসি) তদন্ত আবদুস সুলতান, কৃষি অফিসার জুনাইদ আলম, চাটখিল প্রেস ক্লাবের সহ-সভাপতি প্রভাষক জসিম মাহমুদ, সেবাগ্রহীতা - মফিজ উল্লাহ, প্রতিবন্ধী হেলাল উদ্দিন, মুফতি ওসমান গনি, হাফেজ মাে: হেদায়েত উল্যাহ প্রমূখ। সভা শেষে ১শত ৭জন প্রতিবন্ধী অসহায়দের মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ৫৩লাখ ৫০হাজার সুদবিহীন ঋণ প্রদান করা হয়। সভায় বক্তারা বলেন, সমাজ সেবা অফিস আত্ম মানবতার সেবা করে যাচ্ছে । আর সেবা প্রার্থীরা এখানে এসে যেন হয়রানি ও ভোগান্তির শিকার নাহয় সেদিকে খেয়াল রাখার জন্য সমাজ সেবা অফিসার আলী হোসেনের দৃষ্টি আকর্ষণ করেন।

নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ী) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী ব্যারিস্টার ওমর ফারুকের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আহসান হাবিব তামিমের বাবা আব্দুল মান্নান। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে চাটখিল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমানের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় আব্দুল মান্নানই ছিলেন নোয়াখালী-১ আসনের একমাত্র মনোনয়ন সংগ্রহকারী। এ সময় উপস্থিত নেতারা বলেন, শহীদ তামিমের বাবার হাত দিয়ে মনোনয়ন সংগ্রহ একটি প্রতীকী ও আবেগঘন বার্তা বহন করে, যা গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার প্রতিফলন। শহীদ আহসান হাবিব তামিমের বাবা আব্দুল মান্নান বলেন, আজ আমি ফারুক ভাইয়ের মনোনয়ন সংগ্রহ করেছি। তিনি শাপলা প্রতীকের প্রার্থী। তিনি একজন সৎ মানুষ। আমরা চাই তিনি বিজয়ী হয়ে এই অঞ্চলের মানুষের দুঃখ-কষ্ট লাঘব করবেন। পাশাপাশি জুলাই আন্দোলনের যোদ্ধাদের পাশে দাঁড়াবেন। নতুন বাংলাদেশ এগিয়ে যাক—এই প্রত্যাশাই করি। আহত জুলাই যোদ্ধা রফিকুল ইসলাম রনি বলেন, জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে আমরা এমন নেতৃত্ব চাই, যারা গণমানুষের কথা বলবে এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবে। ব্যারিস্টার ওমর ফারুক বলেন, নতুন বাংলাদেশ পুনর্গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিপ্লবী কণ্ঠস্বরগুলো—হাদি, আবু সাইদ ও মুগ্ধ—আজও আমাদের দিকে তাকিয়ে আছে। আমি তাদের উত্তরসূরি হতে চাই। আমি ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই এবং সবসময় মানুষের পাশে দাঁড়াতে চাই। নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, নোয়াখালী-১ আসনের চাটখিল উপজেলা থেকে একটি মনোনয়নপত্র বিক্রি হয়েছে, যা এনসিপি প্রার্থী সংগ্রহ করেছেন। নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করছেন। আচরণবিধি মানা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মনোনয়ন সংগ্রহকালে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা ও চাটখিল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী গোলাপ হোসেন ফরহাদ, নোয়াখালী জেলা এনসিপির সংগঠক ইঞ্জিনিয়ার মো. হানিফ, চাটখিল উপজেলা এনসিপির সংগঠক রাসেদুল ইসলাম, মুফতি নাজিমুদ্দিনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী—অন্যদিকে কোলে বসে আছে চার বছরের একমাত্র মেয়ে জান্নাতুল মাওয়া। বাড়ির আঙিনা লোকজনে ভরপুর, সবার চোখে শুধু অশ্রু। কেউ ভাবতেও পারেননি হাসিমুখে প্রবাসে যাওয়া মানুষটি ফিরবেন কফিনবন্দি হয়ে। ছুটি কাটিয়ে প্রবাসে যাওয়ার মাত্র ১৮ দিনের মাথায় কর্মস্থলে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন নোয়াখালীর শফিকুল ইসলাম মানিক (৪০)। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে তার মরদেহ নিজ গ্রামে পৌঁছালে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। একনজর প্রিয় মানুষটিকে দেখতে ভিড় করেন আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও এলাকার শত শত নারী-পুরুষ। শফিকুল ইসলাম মানিক চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বানসা গ্রামের পোদ্দার বাড়ির মৃত নূর মোহাম্মদের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। পারিবারিক সূত্রে জানা যায়, দুই মাসের ছুটি শেষে ৪ নভেম্বর আবুধাবিতে ফেরেন মানিক। ২২ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে কর্মস্থলে হঠাৎ স্ট্রোক করলে সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে বানসা মধ্যপাড়া বাইতুন নুর জামে মসজিদের সামনে জানাজা শেষে তাকে দাফন করা হয়। শেষবারের মতো মরদেহ দেখার জন্য অসংখ্য মানুষ ভিড় করেন। মানিকের ছোট ভাই প্রবাসী জাবেদ হোসেন বলেন, আমার ভাই ১৭ বছর ধরে প্রবাসে ছিলেন। সংসারের সমস্ত দায়িত্ব তিনিই সামলাতেন। আবুধাবিতে তিনি বলদিয়ার কাজ করতেন। তার মতো মানুষকে হারিয়ে আমাদের পৃথিবীটাই অন্ধকার হয়ে গেছে। জানাজার ইমাম মাওলানা মোহাম্মদ আফসার বলেন, মানিক ভাইয়ের স্ত্রী দুই মাসের অন্তঃসত্ত্বা, আর চার বছরের সন্তানটি কান্না থামাতে পারছে না। স্ত্রী বারবার অজ্ঞান হয়ে পড়ছেন। ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে দীর্ঘদিন প্রবাসে থাকলেন, কিন্তু সবকিছু ছেড়ে শেষ পর্যন্ত কফিনবন্দি হয়েই দেশে ফিরতে হলো তাকে। মানিকের আত্মীয় শিপন ইকবাল বলেন, মানিক ভাইয়ের ব্যবহার অনেক ভালো ছিল। দেখা হলেই তিনি হাসিমুখে কথা বলতেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার জানাজায় অংশগ্রহণ করার জন্য অনেক মানুষজন এসেছে। চাটখিল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, ভাগ্য পরিবর্তনের আশায় প্রবাসে গিয়েছিলেন মানিক। কিন্তু তার এই ফেরা জীবনের শেষ ফেরা হবে—এটা কেউ ভাবেনি। এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। শত শত মানুষ এসে তাকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানিয়েছেন।

নোয়াখালীর চাটখিলে সড়ক দুর্ঘটনায় একই মোটরসাইকেলের চার বন্ধু গুরুতর আহত হন। এর মধ্যে একে একে তিনজন প্রাণ হারান। সুস্থ রয়েছেন আরেক বন্ধু নাদিম। সোমবার (১ ডিসেম্বর) রাত ১০টার দিকে চাটখিল পৌরসভার ত্রি-ঘরিয়া এলাকায় চাটখিল-দল্টা সড়কে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। বদলকোট ইউনিয়নের পাটোয়ারী বাড়ির মো. হারুনের ছেলে মো. তামিম হোসেন, পূর্ব বদলকোট গ্রামের নতুন ব্যাপারি বাড়ির মো. মানিক হোসেনের মো. সফিকুল ইসলাম জয় ও ত্রিগরিয়া মিঝি বাড়ির আব্দুর রহমানের ছেলে মো. রায়হান। জানা যায়, সোমবার দিবাগত রাতে তামিম তার বাবার মোটরসাইকেলে তিন বন্ধুকে নিয়ে চাটখিল বাজার থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলচালক হাসিবুল ইসলাম তামিম। গুরুতর আহত সফিকুল ইসলাম জয় ও রায়হানকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, তবে অবস্থার অবনতি হলে পরে ঢাকায় নেওয়া হয়। সেখানে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তারা দুইজনই মৃত্যুবরণ করেন। নিহত তিনজনই বদলকোট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি নির্বাচনি পরীক্ষা দিচ্ছিলেন। একই গ্রামের তিন কিশোরের অকাল মৃত্যুতে পরিবার, স্কুল ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, একসঙ্গে বেড়াতে বের হয়ে এভাবে তিনটি প্রাণ ঝরে যাওয়া সত্যিই হৃদয়বিদারক। পরিবারের এই শোক কখনোই পূরণ হওয়ার নয়। আল্লাহ তাদের মাগফিরাত করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য দান করুন। মো. দেলোয়ার হোসেন নামের এক শিক্ষক বলেন, তরুণ তিন শিক্ষার্থীর অকাল মৃত্যু পুরো এলাকাকে কাঁদিয়েছে। এমন দুর্ঘটনা যেন আর কোনো পরিবারে শোক না বয়ে আনে—সবাইকে সচেতনভাবে যানবাহন চালানোর আহ্বান জানাই। এদিকে তরুণ তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নোয়াখালী-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এবং জামায়াতে ইসলামী মনোনীত অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ। পৃথক শোকবার্তায় তারা নিহতদের পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তারা নোয়াখালী-১ আসনের জনসাধারণকে যথাযথ নিরাপত্তা ও সতর্কতার সঙ্গে মোটরসাইকেলে চলাচল করার বিশেষ অনুরোধ করেছেন। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, মোটরসাইকেলের অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোয় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। আমরা চালকদের সর্বোচ্চ সতর্কতা ও নিরাপদ গতিতে যানবাহন চালানোর আহ্বান জানাচ্ছি, যাতে এ ধরনের করুণ ঘটনা আর না ঘটে।

নোয়াখালীর চাটখিলে প্রাতিষ্ঠানিক সনদ ছাড়া নিজেকে দন্ত চিকিৎসক পরিচয়ে রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগে এক ভুয়া দন্ত চিকিৎসককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২ নভেম্বর) বিকেলে চাটখিল পৌরসভার পাল্লা রোড এলাকায় অবস্থিত ‘সিজনস্ ডেন্টাল’ ক্লিনিকে অভিযান চালিয়ে রিপন সরকার নামের ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রিপন সরকার পূর্বে এক দন্ত চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করতেন। পরে নিজেই চেম্বার খুলে ‘ডেন্টিস্ট’ পরিচয়ে চিকিৎসা কার্যক্রম শুরু করেন। অভিযানের সময় তিনি ভবিষ্যতে আর দন্ত চিকিৎসা করবেন না বলে আদালতের কাছে অঙ্গীকারনামা প্রদান করেন। স্থানীয় বাসিন্দা শেখ ফরিদ বলেন, চাটখিলে আরও অনেক ভুয়া দন্ত চিকিৎসক আছে, যারা প্রতিদিন প্রতারণা করে লাখ টাকার মতো আয় করে। আগে মূল হোতাদের ধরলে বাকিরা নিজেরাই ভয়ে থেমে যেত। চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, প্রাতিষ্ঠানিক সনদ ছাড়া কেউ চিকিৎসা কার্যক্রম চালালে তাকে আইনের আওতায় আনা হবে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, একটি রাজনৈতিক দল রাজনীতির নামে জান্নাতের টিকিট বিক্রি করছে। কিন্তু বাংলাদেশের সব রাজনৈতিক দল যেমন নির্বাচন কমিশনের সব শর্ত মেনে নিবন্ধন নিয়েছে, তেমনিভাবে জামায়াতে ইসলামীও নিবন্ধন নিয়েছে। তাহলে তাদেরকে ভোট দিলে কীভাবে একজন ভোটার জান্নাতে যাবে? নোয়াখালীর চাটখিল উপজেলার ভীমপুর স্কুল অ্যান্ড কলেজ হলরুমে ওলামা দলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খোকন বলেন, ইসলামের স্তম্ভ ৫টি। কালেমা, নামাজ, রোজা, হজ ও জাকাত। আপনার ইমান আমলের ওপর ভিত্তি করে পরকালে আল্লাহ তায়ালা জান্নাত-জাহান্নাম নির্ধারণ করবে। তাই আপনাদের সতর্ক থাকতে হবে এসব ব্যাপারে। তিনি বলেন, ২৭ বছর ধরে বিএনপির সঙ্গে আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন কিন্তু হঠাৎ করে মোনাফিকের মতো আচরণ করছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বলছেন স্বৈরাচারী হাসিনা সরকারের নেতাদের বিচার করতে হবে; তখন থেকেই জামায়াতে ইসলামীর নেতারা উল্টাপাল্টা কথা বলছেন নোয়াখালী জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাও. শরাফত উল্লাহর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবুর সঞ্চালনায় বক্তব্য দেন, পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, ইমাম হোসেন টিপু, আনিছ আহমেদ হানিফ।