

লক্ষ্মীপুর প্রতিনিধি: মাহমুদুর রহমান মনজু লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের রাধাপুর এলাকায় পুলিশের চিরুনি অভিযানে একটি বিদেশি রিভলবার ও ৪৬ রাউন্ড তাজা গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) রাত আনুমানিক সোয়া ২টার দিকে রাধাপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. শহিদ, প্রকাশ শিপন (৩০)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাধাপুর গ্রামের আবুল কালামের নতুন বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শিপনকে আটক করা হয়। পরে তার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে বিছানার এক কোণ থেকে একটি বিদেশি রিভলবার, ৪৬ রাউন্ড তাজা গুলি, চারটি গুলির খোসা এবং অস্ত্র বহনের কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের (প্রশাসন ও অর্থ) প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়েছে। এ ঘটনায় এসআই মোহাম্মদ আমিনুর ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত শিপনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত শিপনকে আজ বিকেলে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।