

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রাজধানী রোমের ফিউমিচিনো বিমানবন্দরে প্রায় ৪০ ঘণ্টা আটকে থাকার পর ঢাকায় ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইট। রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এর আগে স্থানীয় সময় শনিবার রাত ১১টায় (বাংলাদেশ সময় রোববার রাত ৩টা) রোমের ফিউমিচিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় ফ্লাইটটি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। ৪০ ঘণ্টা পর ঢাকায় ফিরল রোমে আটকে পড়া বিমানের ফ্লাইট ত্রুটিমুক্ত হয়েছে রোমে আটকে থাকা প্লেন, ঢাকায় পৌঁছবে আজ বেলা সাড়ে ১১টায় বিমান সূত্রে জানা যায়, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটি আড়াই শতাধিক যাত্রী নিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। প্রায় আট ঘণ্টা উড্ডয়নের পর উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ১৯ মিনিটে উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণ করে। দীর্ঘ সময় চেষ্টা করেও ত্রুটি মেরামত করা সম্ভব না হলে ঢাকা থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ এবং দুই সদস্যের প্রকৌশলী দল রোমে পাঠানো হয়। শনিবার দুপুরে বিমানের বিজি-৩০৫ ফ্লাইটে প্রকৌশলী দলটি রোমের উদ্দেশে রওনা হয়। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৬ মিনিটে তারা রোমে পৌঁছান। এরপর প্রকৌশলীরা প্রয়োজনীয় কাজ শেষে উড়োজাহাজটির কারিগরি ত্রুটি সমাধান করেন। পরে ফ্লাইটটিকে গ্রাউন্ডেড অবস্থা থেকে অপারেশনের জন্য ছাড়পত্র দেওয়া হয়। রাতে সেটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। এদিকে, দীর্ঘ সময় রোমে আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েন আড়াই শতাধিক যাত্রী। যাত্রীদের অভিযোগ, বাংলাদেশি পাসপোর্টধারী অন্তত ১৭০ জনকে প্রায় ৪০ ঘণ্টা বিমানবন্দরের লাউঞ্জেই অবস্থান করতে হয়েছে। অন্যদিকে কানাডা ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী যাত্রীদের জন্য বিমান কর্তৃপক্ষ হোটেলের ব্যবস্থা করেছিল বলে অভিযোগ করেন তারা।