

নোয়াখালীর সুবর্ণচরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুটি নির্বাচনি অফিসকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যায় উপজেলার চরওয়াপদা ইউনিয়নের আল-আমীন বাজারে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন। অভিযান সূত্রে জানা যায়, নির্বাচনি অফিসে আলোকসজ্জা করা এবং বিধি বহির্ভূতভাবে রঙিন পোস্টার লাগানোর দায়ে দল দুটিকে আর্থিক দণ্ড দেওয়া হয়। এতে বিএনপি অফিসকে ৫,০০০ টাকা এবং জামায়াত ইসলামী অফিসকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। নির্বাচনি পরিবেশ সুষ্ঠু রাখতে আমাদের এ তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পুলিশ, সেনাবাহিনীসহ যৌথবাহিনীর সদস্যরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করেন। প্রশাসন থেকে জানানো হয়েছে, নির্বাচনি আচরণবিধি বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালত নিয়মিত মাঠে কাজ করে যাচ্ছে।