

নোয়াখালীর সেনবাগে বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। মঙ্গলবার (১৯ মে ২০২৬) সেনবাগ থানাধীন ছাতারপাইয়া গ্রামস্থ বৈশার বাপের পুল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ নিজাম উদ্দিন (২৭)। তিনি ছাতারপাইয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের আম্বর আলী চৌকিদার বাড়ীর বাসিন্দা এবং আমির হোসেনের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে পূর্বে ০৯টি মাদক মামলার এজাহার রয়েছে। সেনবাগ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।