

চাটখিল উপজেলায় প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণে অনিয়ম এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে দুটি ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ মার্চ) দুপুরে চাটখিল পৌর বাজার এলাকায় অবস্থিত তারাজ ফিলিং স্টেশন ও আনিতাশ ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল পৌর বাজার এলাকার ওই দুটি ফিলিং স্টেশনে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী। অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণে অনিয়ম এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তারাজ ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা এবং আনিতাশ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।