

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, সাংবাদিকতা হলো সমাজের দর্পন এবং মানবিক পেশা। তাই এই পেশাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করলে দেশ, জাতি, সমাজ, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের উন্নয়ন হবে। তবে কিছু অশিক্ষিত এবং অভাবী লোক এ পেশায় এসে পেশার ভাবমূর্তি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি বুলু। তিনি আরও বলেন, আপনারা যারা পেশাদার সাংবাদিক, আপনাদেরকে সঠিক সাংবাদিকতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার সাথে সাথে অপসাংবাদিকতা রোধেও সোচ্চার থাকতে হবে। নতুবা গুটিকয়েক সাংবাদিকের কারণে আপনাদের কর্ম এবং অর্জন বিফলে যাবে। তিনি আরও বলেন, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় শেখ হাসিনার শাসনামল তেমন একটা খারাপ ছিল না। কারণ সে তো শেখ মুজিবুর রহমানের মেয়ে ছিল। কিন্তু পরবর্তীতে তার পতন হয়েছে কিছু অতি উৎসাহী চাটুকার সাংবাদিক, হাইব্রিড আওয়ামী লীগ ও ব্যবসায়ীদের কারণে। এসময় আরও বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের কার্যকরী সভাপতি তাজুল ইসলাম মানিক ভুইয়া, যুগ্ম সম্পাদক ইয়াকুব নবী ইমনসহ আরও অনেকে।