

বিজ্ঞান, মেধা ও প্রগতির দুরন্ত ছন্দে আন্তর্জাতিক প্রযুক্তি বিশ্ব জয় করল বাংলাদেশের তিন খুদে রোবোটিক্স উদ্ভাবক। সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির তিন মেধাবী শিক্ষার্থী—আলবি আহমেদ খান আহনাফ, অরনী শাহা এবং সাফওয়াত জামান আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতা Robo RAVE World Championship 2026’-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। জাপানের ওসাকায় আয়োজিত বহুজাতিক এই প্রযুক্তির মহাযুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান ছিনিয়ে নেয় বাংলাদেশের দল ‘Team Atlas’। মাত্র ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এই তিন শিক্ষার্থী তাদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও অসামান্য প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে বৈশ্বিক মঞ্চকে তাক লাগিয়ে দেয়। লাল-সবুজের পতাকা হাতে ওসাকার মাটিতে দাঁড়িয়ে তাদের এই বিশ্বজয় শুধু সেন্ট যোসেফ নয়; বরং গোটা বাংলাদেশের প্রযুক্তি অঙ্গনের জন্য এক অভূতপূর্ব মাইলফলক। খুদে এই প্রযুক্তিবিদদের অদম্য অধ্যবসায় ও সাফল্য প্রমাণ করেছে, বয়সের সীমানা ছাড়িয়ে স্বপ্ন আর মেধার জোর থাকলে যে কোনো বিশ্বমঞ্চ জয় করা সম্ভব। আন্তর্জাতিক রোবোটিক্স মানচিত্রে এই গৌরবময় বিজয় বাংলাদেশের নতুন প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক উদ্ভাবনের পথে এগিয়ে যেতে যুগান্তকারী অনুপ্রেরণা জোগাবে।