

নোয়াখালীর সুবর্ণচরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো রোকসানা আক্তার (৯) ও আফসানা আক্তার (৭)। তারা দুজন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার গাংছিল গ্রামের কৃষক মহি উদ্দিনের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টার দিকে বাড়ির পাশের একটি মাছের ঘেরের পুকুরে গোসল করতে নামে দুই বোন। এ সময় ছোট বোন আফসানা পানিতে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে বড় বোন রোকসানা এগিয়ে যায়। একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়। পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর তাদের পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ভুক্তভোগী পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।