

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দি ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাত নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। এ সময় তারা বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে তমরদ্দি ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী এক উঠান বৈঠকে আনুষ্ঠানিকভাবে এ যোগদান অনুষ্ঠিত হয়। এ সময় নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম নবাগত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। বিএনপিতে যোগদানকারীরা হলেন—তমরদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এনসিপির সদস্য সচিব হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মতিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক রাব্বি, সদস্য রাসেল উদ্দিন, সাদ্দাম হোসেন ও ফারুক উদ্দিন। জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীম ওই উঠান বৈঠকে বক্তব্য দেন। তিনি উপস্থিত ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সরকার গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় তিনি হাতিয়ার নদীভাঙন রোধ, ভূমিহীনদের পুনর্বাসন, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং পর্যটনকেন্দ্র হিসেবে হাতিয়াকে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। উঠান বৈঠকে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি প্রার্থী মাহবুবের রহমান শামীমের প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা বিএনপির সদস্য মো. আলাউদ্দিন রনি বলেন, এর আগেও বিভিন্ন পর্যায়ে এনসিপির নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল। হাতিয়ায় এনসিপির উগ্র কর্মকাণ্ডে হতাশ হয়ে অনেকেই বিএনপিতে যোগ দিচ্ছেন। দিন দিন ধানের শীষের গণজোয়ার হচ্ছে। হাতিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক শামসুল তিব্রিজ বলেন, হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির নেতা আবদুল হান্নান মাসউদের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষ তার নেতৃত্ব ও রাজনৈতিক অবস্থানকে ইতিবাচকভাবে গ্রহণ করছে। মাঠপর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। হাতিয়ার প্রতিটি ইউনিয়নে শাপলা কলির প্রতীকের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা আগামী দিনে আরও বিস্তৃত হবে। দুই একজন দল পরিবর্তন করলে এতে কোনো প্রভাব পড়বে না।