

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনে নতুন মাত্রা যোগ করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আন্দোলনরত নাগরিকদের ডিজিটালভাবে শক্তিশালী করতে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বিনামূল্যে সাইবার সেবা প্রদানের ঘোষণা দিয়েছেন নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স এর তথ্য ও প্রযুক্তি সম্পাদক আরাফাত ইসলাম জিহাদ। এই উদ্যোগের আওতায় নোয়াখালীর সকল সাইবার স্বেচ্ছাসেবী এবং “নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স” একসঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। তারা আন্দোলনের পক্ষে বিভিন্ন ডিজিটাল কন্টেন্ট তৈরি, অনলাইন নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম আরও গতিশীল করতে সহযোগিতা করবে। আরাফাত ইসলাম জিহাদ জানান, “ডিজিটাল প্ল্যাটফর্মে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করেই আন্দোলনকে আরও বেগবান করাই আমাদের মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, এই সেবার মাধ্যমে তরুণ কন্টেন্ট ক্রিয়েটররা সহজেই আন্দোলনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন, যা আন্দোলনের সার্বিক গতি ও প্রভাব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্লেষকদের মতে, এমন উদ্যোগ বর্তমান ডিজিটাল যুগে একটি আন্দোলনকে সংগঠিত ও বিস্তৃত করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে।