

নোয়াখালীর হাতিয়ায় নিঝুমদ্বীপে জোয়ারে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধারে জেলা পুলিশ ও নৌ পুলিশের সমন্বয়হীনতার অভিযোগ উঠেছে। দুই সংস্থার দায়িত্বে টানাপোড়েনে মরদেহটি ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ঘটনাস্থলে পড়ে রয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে নিঝুমদ্বীপ ইউনিয়নের হাসি মার্কেট সংলগ্ন ৯ নম্বর ওয়ার্ডের একটি কেওড়া বাগানে জোয়ারের পানির সঙ্গে ভেসে আসা একটি অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়ার পরও দীর্ঘ সময় ধরে কোনো সংস্থা মরদেহটি উদ্ধার করতে আসেনি। জেলা পুলিশ ঘটনাস্থলকে নৌ পুলিশের আওতাধীন বলে জানালেও নৌ পুলিশ দাবি করছে, ওই এলাকা তাদের দায়িত্ব সীমার মধ্যে পড়ে না। ফলে দায়িত্ব নির্ধারণ নিয়ে জটিলতায় পড়ে রয়েছে মরদেহটি। স্থানীয়রা জানান, খোলা স্থানে পড়ে থাকায় মরদেহটি দ্রুত পচে যাচ্ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে আশপাশের মানুষের মধ্যে চরম ভোগান্তি ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, দায়িত্ব নিয়ে টানাপোড়েন না করে দ্রুত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হোক। একই সঙ্গে পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা। নিঝুমদ্বীপ ইউনিয়ন নৌ পুলিশ কেন্দ্রের ইনচার্জ আশিকুর রহমান বলেন, ‘আমরা মাত্র বিষয়টি জেনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’ হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে যেতে বলা হয়েছিল। তবে ঘটনাস্থলটি নদীর কাছাকাছি হওয়ায় এটি নৌ পুলিশের আওতাভুক্ত। নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’