
নোয়াখালী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফখরুল ইসলামের নির্দেশে কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পেশকারহাট রাস্তার মাথায় দানব আকৃতির ১৪টি অবৈধ বালুভর্তি ট্রাক আটক করা হয়েছে।শনিবার (২৯ আগষ্ট) এ অভিযানে স্থানীয় বিএনপি নেতা গোলাম কিবরিয়া বিএসসির নেতৃত্বে ট্রাকগুলো আটক করা হয় বলে জানা গেছে।খবর পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মাসুদুর রহমান ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।এদিকে, অবৈধ বালুভর্তি ট্রাক আটকের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন সড়কে আরও অসংখ্য বালুবাহী ট্রাক চলাচল বন্ধ করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু পরিবহন করা হচ্ছে। এতে একদিকে পরিবেশ ও সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে ভারী ও অতিরিক্ত বালুবাহী যানবাহনের কারণে সাধারণ মানুষের চলাচলেও ভোগান্তি সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা বিষয়টি তদন্ত করে সকল অবৈধ বালুর গাড়ি চলাচল বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।তবে এ ঘটনায় আটক ট্রাকগুলোর বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ভ্রাম্যমাণ আদালতের সিদ্ধান্ত কী—তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।